দুই ছাত্রদল নেতার লোকদের মধ্যে সংঘর্ষের জেরে পুলিশের মামলা

দুই ছাত্রদল নেতার লোকদের মধ্যে সংঘর্ষের জেরে পুলিশের মামলা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ছাত্রদলের দুই নেতার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতশ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বলছে, সংঘর্ষ থামাতে গিয়ে দায়িত্ব পালনরত সদস্যরা হামলার শিকার হন। এতে ১০ পুলিশ সদস্য আহত হন।

গত বৃহস্পতিবার আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সত্যজিৎ চক্রবর্তী বাদী হয়ে মামলাটি করেন। এতে বলা হয়, ২৮ জুলাই সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলার লাল মিয়া বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।

এসআই সত্যজিৎ তাঁর অভিযোগে উল্লেখ করেন, সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিরা ফিকল, টেটা, দা, রামদা, ইট, লাঠি ও শাবল নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে তিনি নিজে ও তাঁর সঙ্গে থাকা আরও নয় পুলিশ সদস্য আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পেছনে দীর্ঘদিন ধরে চলা দুই গ্রামের আধিপত্য নিয়ে বিরোধ ও চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে বলে মামলায় উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

মামলায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ-বিধির ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৭, ১৪৮, ১৮৬, ৩৩২, ৩৫৩ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলার এক আসামির জামিন নিয়ে বিরোধের জেরে গত সোমবার রাত ৮টার দিকে আদালতপাড়ায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা মারুফকে মারপিট করেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে দুইপক্ষের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।