রাষ্ট্রীয় শোকের দিনে জেলা পরিষদে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

রাষ্ট্রীয় শোকের দিনে জেলা পরিষদে উত্তোলন হয়নি জাতীয় পতাকা
রাষ্ট্রীয় শোকের দিনে জেলা পরিষদে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

স্টাফ রিপোর্টার ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ঘোষিত এক দিনের রাষ্ট্রীয় শোকের দিনে খোদ হবিগঞ্জ জেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। একই দিনে জেলা ইপিআই ভবনেও জাতীয় পতাকা দেখা যায়নি।

অন্যদিকে, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তা অর্ধনমিত না রেখে পূর্ণ পতাকা উত্তোলন করা হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত শনিবার দুপুরে সরেজমিনে শহরের এসব সরকারি দপ্তর পরিদর্শনে এ চিত্র দেখা যায়।

রাষ্ট্রীয় শোক ঘোষণার দিনে সরকারি নির্দেশনা অনুযায়ী সব

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে সেই নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

আইন বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় নির্দেশনা মানা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। এ ক্ষেত্রে অবহেলা বা নির্দেশনা অমান্য হলে প্রশাসনিক ও আইনগত জটিলতা তৈরি হতে পারে।

ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন।

ওই ভাষণে তিনি বলেন, শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।