ডেভিল হান্ট ‘ফেজ-২’: নুরুল আমীন ওসমানসহ গ্রেপ্তার ১০
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন ওসমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৪ ঘণ্টার অভিযানে জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার গরুর বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমীন ওসমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, আগের ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে হবিগঞ্জ সদরে দুজন, আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, বাহুবল, মাধবপুর ও চুনারুঘাটে একজন করে এবং নবীগঞ্জ উপজেলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, সদর উপজেলার গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিজিল খান, শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ গোলাম মোস্তফা জিতু, চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান মৌল্লা, বাহুবল উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, পানিউমদা ইউনিয়ন যুবলীগ নেতা আখলু মিয়া, কুর্শি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মীর্জা আশরাফুল বেগ রনি, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এবং আজমিরীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা প্রিয়তুষ সরকার রানু।
গতকাল রাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলে ১০ জন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
