উল্টে দেওয়া হলো ভাসমান ফল ব্যবসায়ীদের ভ্যান

উল্টে দেওয়া হলো ভাসমান ফল ব্যবসায়ীদের ভ্যান
উল্টে দেওয়া হলো ভাসমান ফল ব্যবসায়ীদের ভ্যান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জেলা পরিষদের সামনে ভ্যানে করে ফল বিক্রি করা ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আপেলসহ বিভিন্ন ফল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গত শুক্রবার বিকালে শহরের থানা মোড় এলাকায় ভাসমান ফল ব্যবসায়ীদের ভ্যান উল্টে দিয়ে আপেল ও মাল্টা রাস্তায় ফেলে দেয় সদর মডেল থানা পুলিশ। এতে বেশকিছু ফল গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে নষ্ট হয়।

ফল ব্যবসায়ীরা জানান, যেদিন কোনো বড় কর্মকর্তা ওই সড়ক দিয়ে যাতায়াত করেন, সেদিন পুলিশের নির্দেশ অনুযায়ী তারা সেখানে ভ্যান নিয়ে বসেন না। সম্প্রতি পুলিশ তাদের ওই স্থানে বসতে নিষেধ করেছে। ব্যবসায়ীদের ভাষ্য, তারা দরিদ্র মানুষ এবং অল্প পুঁজিতে ভ্যানে করে ব্যবসা করেন। বড় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার মতো পুঁজি তাদের নেই। এ অবস্থায় কোথায় গিয়ে ব্যবসা করবেন, তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা আরও বলেন, সৎ পথে ভ্যানে করে সামান্য ব্যবসা করতেও যদি বাঁধা দেওয়া হয়, তাহলে পরিবার-পরিজন নিয়ে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। অথচ শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার ও মোতালেব চত্বরের আশপাশ এলাকায় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

এ বিষয়ে শহরের একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রভাবশালীদের দখলে থাকা ফুটপাত দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। এসব এলাকায় প্রশাসনের কার্যকর কোনো নজরদারি নেই বলেও তারা দাবি করেন।