জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে টাকা দাবি ॥ সতর্কবার্তা জারি

জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে টাকা দাবি ॥ সতর্কবার্তা জারি
জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে টাকা দাবি ॥ সতর্কবার্তা জারি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক করতে জেলা প্রশাসন থেকে সতর্কবার্তা প্রচার করা হয়েছে।

সম্প্রতি ‘জেলা প্রশাসন হবিগঞ্জ’ নামে পরিচালিত ফেসবুক আইডি থেকে এ সতর্কবার্তাটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জেলা প্রশাসক, হবিগঞ্জের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক

থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার শায়খুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নাম ব্যবহার করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়। গতকাল ওই ব্যক্তি সংশ্লিষ্ট বার্তার স্ক্রিনশট জেলা প্রশাসকের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তাটি প্রচার করা হয়।