শোধনাগারের পাম্প বিকল হয়ে হাজারো পরিবারে পানি সংকট
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর পানি শোধনাগারের একটি পাম্প বিকল হয়ে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে পানিসংকটে ভুগছে জেলা সদরের প্রায় আড়াই হাজার পরিবার।
গত বুধবার বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হলে জেলা সদরের বেবীস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ পৌর পানি শোধনাগারের ৫টি পাম্পের মধ্যে একটিতে আগুন ধরে বিকল হয়ে যায়। এ ঘটনার পর থেকেই গ্রাহকের মধ্যে পানি সরবরাহে ঘাটতি দেখা দেয়।
পৌরসভা কর্তৃপক্ষ ৭ দিন ধরে পাম্পটি সচল করেনি বিধায়— এসব পরিবারের পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারছে না। বাসাবাড়িতে রান্নাবান্না ও গোসলসহ দৈনন্দিন কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পুরান মুন্সেফ কোয়ার্টারের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘হবিগঞ্জ পৌরসভা রোজ সকাল-বিকেল দুই বেলা পানি সরবরাহ করে থাকে। কিন্তু গত এক সপ্তাহ ধরে অল্পপরিমাণে পানি দেওয়া হচ্ছে। ফলে গোসলসহ বাসার কাজে ব্যাঘাত ঘটছে।’ ‘আজ পাড়ার পুকুরে হেঁটে গিয়ে গোসল করতে হয়েছে’ বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল বিকেলে উত্তরশ্যামলী এলাকার ব্যবসায়ী লুৎফা আখঞ্জীর গভীর নলকূপে গিয়ে পানির জন্য লাইনে দাঁড়িয়েছেন ২০/২৫ জন লোক। তাঁদের অনেককে পৌরসভার প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
হবিগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী (পানি ও পয়ঃ) মোহাম্মদ আব্দুল কদ্দুস এ ব্যাপারে খোয়াইকে বলেন, বেবীস্ট্যান্ড এলাকার পৌর পানি শোধনাগারে ৫টি পাম্পের মধ্যে একটি বজ্রপাতে বিকল হয়ে যাওয়ায় ২ হাজার ৪০০ পরিবারের মধ্যে সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। তবে আমরা সেটি মেরামত করে দিব। এরপর আর পানির সংকট থাকবে না।’
