সারাদেশের সাথে মৌলভীবাজারের যোগাযোগ বিচ্ছিন্নের হুমকি

সারাদেশের সাথে মৌলভীবাজারের যোগাযোগ বিচ্ছিন্নের হুমকি
সারাদেশের সাথে মৌলভীবাজারের যোগাযোগ বিচ্ছিন্নের হুমকি

রাস্তা ব্যারিকেড দিয়ে মৌলভীবাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে সিলেট বিভাগের বৃহৎ পরিবহন সংগঠন হবিগঞ্জ মোটর মালিক সমিতি।  মঙ্গলবার বিকেলে জেলা বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

সম্প্রতি দুই জেলার পরিবহন সার্ভিস নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ৮ নভেম্বর থেকে তাদের এলাকার উপর দিয়ে হবিগঞ্জের গাড়ি চলতে না দেওয়ার ঘোষণা দেন। তার প্রতিক্রিয়াতেই এই হুমকি এসেছে বলে জানান সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে হবিগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল অভিযোগ করেন, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন সার্ভিসের মানসম্মত সেবার কারণে প্রতিযোগিতায় অন্য পরিবহনগুলো টিকতে পারে না। তাই বিভিন্ন সময়ে অন্য পরিবহন মালিকেরা ঝামেলায় জড়ান। এর ধারাবাহিকতায় সম্প্রতি শ্রীমঙ্গল-সিলেট রুটে নতুন একটি পরিবহন সার্ভিস চালু হয়েছে। ওই সার্ভিসটির উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ৮ নভেম্বর থেকে তাদের এলাকার উপর দিয়ে হবিগঞ্জের গাড়ি চলতে না দেওয়ার হুমকি দেন বলে দাবি করেন তিনি।

সোহেল আরও বলেন, মৌলভীবাজার থেকে দেশের যেকোনো স্থানে যেতে হলে হবিগঞ্জের মিরপুর ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ দিয়ে যেতে হয়। ‘তারা যদি হবিগঞ্জের গাড়ি আটকে দেন, তবে আমরাও এই দুই পয়েন্টে ব্যারিকেড বসিয়ে মৌলভীবাজারের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ করে দেব’- এমন হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে হবিগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, ট্রাক মালিক সমিতির নেতা গোলাম ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।