অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়েছে ভারতীয়রা

অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়েছে ভারতীয়রা
রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় দুজনকে পেটানো হয়

স্টাফ রিপোর্টার: অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়েছে দেশটির একদল উত্তেজিত লোক।  পতাকা বৈঠক করে তাদের দেশে ফিরিয়ে সোমবার (২১ এপ্রিল) পাসপোর্ট আইনের মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় দুজনকে পেটানো হয়।  এ ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন— মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভারতীয় সীমান্তরক্ষীরা ওই দুই ব্যক্তিকে গাড়িতে তোলার চেষ্টা করছেন।  এ সময় কিছু উশৃঙ্খল লোক তাদের বেধড়ক মারতে থাকে।  পরে ওইদিনই সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবির হরিণখোলা সীমান্ত ফাঁড়িতে ফিরিয়ে আনা হয়।

এ তথ্য নিশ্চিত করে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন খোয়াইকে বলেন, তোফাজ্জল হোসেন ও জামাল মিয়া ভারতে অনুপ্রবেশ করে বিএসএফের হাতে আটক হন। পরে বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে এনে থানায় দিয়েছে এবং পাসপোর্ট আইনের মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভারতে ওই দুই ব্যক্তিকে মারধরের ব্যাপারে তিনি বলেন, ‘মামলা দায়ের করে কারাগারে পাঠানোর পর তাদের মারধরের ভিডিওটি দেখেছি। এ ব্যাপারে বিজিবি কথা বলবে। ’

এ ব্যাপারে বিজিবি হবিগঞ্জের (৫৫ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কথা বলা যায়নি।