অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে তিন বছর ধরে অবৈধভাবে পরিচালিত মেসার্স শিরিন ব্রিকস নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে উপজেলার সৈয়দপুর এলাকার ঐ ইটভাটায় অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের এক যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে জানা যায়, ইটভাটাটির ইট-পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের দুইটি লাইসেন্স তিন বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে
গেছে। এরপরও মালিক মোঃ শাহানুর ওরফে সানু মিয়া ইটভাটাটি অবৈধভাবে চালিয়ে আসছিলেন।
অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ। সার্বিক সহযোগিতা করে নবীগঞ্জ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতে ইটভাটাকে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করারও নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন।
