একমাত্র সহকারি পরিচালকে চলছে ভোক্তা অধিদপ্তর
সৈয়দ সালিক আহমেদ ॥ ২৩ লাখ জনসংখ্যার হবিগঞ্জ জেলার ভোক্তা অধিকার নিশ্চিতের দায়িত্ব মাত্র একজন কর্মকর্তার উপর। একাই জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ফলে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হচ্ছে না। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ৩য় তলার একটি কক্ষে চলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম।
সরকারি বিধি অনুযায়ী একজন সহকারি পরিচালক, একজন অফিস সহকারি এবং একজন অফিস সহায়ক এ দপ্তরে থাকার কথা। কিন্তু বাস্তবে একজন সহকারি পরিচালকই সব কার্যক্রম পরিচালনা করছেন। অফিস ব্যবস্থাপনা থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাজার মনিটরিং একাই পরিচালনা করছেন বলে জানান সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ।
তিনি বলেন, সকালে এসে অফিস খোলা থেকে শুরু করে পরিস্কার পরিচ্ছন্ন করে কার্যক্রম শুরু করতে হয়। তারপর অভিযোগ ও মামলার নিস্পত্তি, বাজার মনিটরিং সবকিছু নিজেকে সামলে নিতে হয়। দীর্ঘদিন থেকে এভাবে কাজ করে অভ্যাসে পরিণত হয়ে গেছে।
তারপরও চলতি বছর জানুয়ারী থেকে জুন পর্যন্ত জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয় মোট ৯৭টি অভিযান করেছে। এ সময় ১৭২টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারী মাসে ২১টি অভিযানে ৪৬টি প্রতিষ্ঠিানকে ২ লাখ ৮৮ হাজার টাকা, ফেব্রুয়ারী মাসে ১৬টি অভিযানে ২৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৪ হাজার টাকা, মার্চ মাসে ২২টি অভিযানে ৪২টি প্রতিষ্ঠানে ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা, এপ্রিল মাসে ১৩টি অভিযানে ২৩টি প্রতিষ্ঠানে ১ লাখ ৬৫ হাজার টাকা, মে মাসে ১২টি অভিযানে ১৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা এবং জুন মাসে ১৩টি অভিযানে ১৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলার সচেতন নাগরিকরা মনে করেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিপূর্ণ কাঠামো দিয়ে মাঠ কার্যক্রম পরিচালনা করলে জেলার জনসাধারনের অধিকতর সেবা নিশ্চিত হতো।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মোঃ বাহার উদ্দিন বলেন, গোড়ায় সমস্যা রেখে মাথায় পানি ঢাললে যেমন কোন কাজ হয় না, তেমনি পরিপূর্ণ কাঠামো ছাড়া জেলার ২৩ লাখ নাগরিকের সেবা নিশ্চিত করা সম্ভব না। তিনি বলেন, যেখানে দেশে ভেজালের ভিড়ে আসল খোঁজে পাওয়া দুস্কর, সেখানে যারা মনিটরিং করবে তাদের নেই পূর্ণ সক্ষমতা। অথচ আমার সার্বক্ষনিক বলছি “সুস্থ্য দেহ- সুস্থ্য জাতি”।
