টিকটকার রনি স্কুলছাত্রীদের কাছে ক্ষমা চাইলেন
আজমিরীগঞ্জে স্কুলছাত্রীদের নিয়ে টিকটক ভিডিওতে অশালীন মন্তব্য করে আলোচিত রনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি স্টাম্পে মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে।
গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদারের উপস্থিতিতে এ্যামালগেটেড বীর চরণ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের সামনে রনি ক্ষমা প্রার্থনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখন চন্দ্র সুত্রধর জানান, রনি তার অভিভাবকের সঙ্গে উপস্থিত হয়ে মুচলেকা দিয়েছেন।
এর আগে ‘ভয়েজ অব রনি’ নামে একটি আইডি থেকে ছড়ানো ১২ সেকেন্ডের ভিডিওতে রনিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বলতে শোনা যায়, “এই সেই স্কুল, এখানে সব নাগিনদের বাস।” ভিডিওটি ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
পরে ইউএনওর স্বাক্ষরিত নোটিশে বলা হয়, আজমিরীগঞ্জ এ্যামালগেটেড বীর চরণ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নারী শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যসহ ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি তদন্ত সাপেক্ষে শুনানির প্রয়োজন দেখা দিয়েছে।
গতকাল ইউএনও নিবিড় রঞ্জন তালুকদার জানিয়েছেন, রনি ছাত্রীদের কাছে নিজে ক্ষমা চেয়েছেন এবং মুচলেকা দিয়েছেন।
