ডাক্তার-চেয়ারম্যান দ্বন্দে ফের জলসুখা রণক্ষেত্র
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় চিকিৎসকের সাথে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরোধ নিয়ে ৫ এলাকাবাসীতে সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া, দক্ষিণপাড়া, জলসুখাহাটি, ইছবপুর ও শঙ্খমহল এলাকাবাসী এই সংঘর্ষে জড়ায়।
এ সময় প্রায় ৪০ জন আহত, কয়েকটি বসতঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানা গেছে, স্থানীয় চিকিৎসক রেজাউল করিম ও জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর গোষ্ঠীতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ বিরোধ আছে; কয়েকবার সংঘর্ষও হয়েছে। সম্প্রতি রেজাউল করিমের ভাই ও সাবেক পুলিশ সদস্য জনি মিয়া মারপিট করেন খেলুপক্ষের একজনকে। এর শোধ নিতে গত ৯ মে মারপিট করা হয় রেজাউলকে।
গত রবিবার সকালে রেজাউল করিম পক্ষের প্রধান জহুর হোসেনের লোকজন খেলুপক্ষের এক নারীকে ফের মারপিট করলে উত্তেজনা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে গতকাল সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৫ এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিক্ষেপ করতে থাকলে অন্তত ৪০ জন আহত হন।
আহতদের মধ্যে সাইকুল বেগম (৫০), জিয়া রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম (২৪), শামিম (১৯), মছদ উল্যা (৬০), জয় (২০) মকসুদ উল্যা (৫০), আলী নূর (১৪) ও ফয়সলকে (১৪) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম খোয়াইকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
যোগাযোগ করা হলে ডাঃ রেজাউল করিম বলেন, ‘কিছুদিন আগে আমার উপর হামলা হলে থানায় মামলা করি। গত সোমবার পুলিশ হামলাকারীদের ধরতে গেলে প্রতিপক্ষ ফের আমাদের লোকদের মারপিট করে। গতকালও আমাদের পক্ষের কয়েকজনকে ধাওয়া করলে তাদের প্রতিহত করা হয়। তবে আমি মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে রয়েছি।’
অপরদিকে, ফয়েজ আহমেদ খেলুর পক্ষের লিবাছ মিয়া বলেছেন, ‘গতকাল জহুর হোসেন ও ডাঃ রেজাউলের ভাই জনিসহ তিন গোষ্ঠীর লোকজন আমাদের পক্ষের আজাদ মিয়ার স্ত্রীকে মারপিট করেন। পরে আমাদের ধাওয়া করেন। আমরা আত্মরক্ষার্থে প্রতিহত করেছি। তারা আমাদের বাড়িতে ভাংচুর ও লুটপাট ও আগুন দিয়েছে।’
