তরুণীকে নিয়ে পালানো পুলিশ সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা

তরুণীকে নিয়ে পালানো পুলিশ সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা
তরুণীকে নিয়ে পালানো পুলিশ সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় কলেজছাত্রী-তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ছেলের ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে। গত বুধবার সন্ধ্যা ৫টায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদেকুজ্জামান সাদেক ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই, পুলিশ কনস্টেবল এনায়েত আহমেদের সঙ্গে একই গ্রামের শারাজ মিয়ার মেয়ে, কলেজছাত্রী তাছনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি এনায়েত ছুটিতে বাড়ি ফিরেন। যাওয়ার সময় তাছনিয়া তার সঙ্গে পালিয়ে গেলে দুই পরিবারে বিরোধ সৃষ্টি হয়।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাছনিয়ার পরিবারের লোকজন সাদেককে কুপিয়ে জখম করেন। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই এনায়েত দুই বছর আগে পুলিশের চাকরিতে যোগদান করেছিলেন। সংসারের টানাপোড়েন কমানোর পর এসএসসি পাস করা ছোট ভাই সাদেক ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য কাগজপত্র তৈরি চলছিল। এ সময় বড় ভাইয়ের প্রেমের জটিলতার কারণে মেয়ের পরিবারের লোকজন সাদেককে হত্যা করেছে।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ খোয়াইকে জানান, তরুণ-তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ছেলের ভাইকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।