দশ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, দুজনকে জরিমানা
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার নোয়াগাঁও হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০টি চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই অভিযানে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
গত মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নওয়াজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জব্দ করা জাল বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
অবৈধ জাল ব্যবহারের দায়ে শালদিঘা গ্রামের মাজু মিয়াকে দুই হাজার এবং চাঁনপুর গ্রামের লিটন চন্দ্র দাশকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. মাকসুদুল হক ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা কণিক চন্দ্র শর্মা। সহযোগিতায় ছিলেন এসআই নুরুল ইসলাম মোল্লার নেতৃত্বাধীন পুলিশের একটি দল।
