পাইপ বসাতে গিয়ে ধ্বসে পড়ল রাস্তা

পাইপ বসাতে গিয়ে ধ্বসে পড়ল রাস্তা
পাইপ বসাতে গিয়ে ধ্বসে পড়ল রাস্তা

মোঃ বাহার উদ্দিন, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় সড়কের নিচে পাইপ বসাতে গিয়ে প্রায় ২০ ফুট রাস্তা ধ্বসে পড়েছে। এতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। রবিবার সকালে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর মাঝহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জলাবদ্ধতা দূর করতে এলাকাবাসীর উদ্যোগে ও ইউপি সদস্যের পরামর্শে সড়কের নিচে পাইপ বসানো হয়। এরপর পানির চাপে রাস্তার বড় একটি অংশ

ধসে পড়ে।

মোড়াকরি বাজার থেকে লক্ষীপুর ও সুবিদপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল পর্যন্ত এই সড়ক ব্যবহার করেন দুই জেলার বহু মানুষ। সড়ক ধসে পড়ায় সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিয়ের গাড়ি থেকে শুরু করে নিত্যপণ্যের পরিবহনও ব্যাহত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মহসিন মিয়া বলেন, “এই রাস্তাটি আমাদের যোগাযোগের প্রধান পথ। এখন পুরো ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে।”

ইউপি সদস্য হিরা মিয়া বলেন, “সড়কের নিচে পাইপ বসানোর পরামর্শ দিয়েছিলাম ঠিকই, তবে কাজ শুরুর সময় আমি সেখানে ছিলাম না। আপাতত একটি সাকো বানিয়ে পথচারীদের চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।”

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল বলেন, “স্থানীয়রা আমার অনুমতি না নিয়ে রাস্তার নিচে ছিদ্র করেছে। তারা বুঝতেই পারেনি এতে এত বড় ক্ষতি হতে পারে। ইউএনওকে বিষয়টি জানিয়েছি।”

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী এহতেশামুর হক বলেন, “বিষয়টি আমাদের না জানিয়ে বেআইনিভাবে কাজ করা হয়েছে। এতে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”