প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হল বাঁশঝাড়ে
বাহুবলে নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর বাঁশঝাড়ে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছেÑ ওই নারীর দেবর তাঁকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন।
গত সোমবার গভীর রাতে মরদেহটি উদ্ধারের পর গত মঙ্গলবার সকালে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাজমা বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী। জসিমের আরও একজন স্ত্রী রয়েছেন।
নিহত নারীর সতিন ছিতারা বেগমের ভাই আব্দুল গনি জানান, নাজমার স্বামী জসিম উদ্দিন ও দেবর তোরাব আলীর মধ্যে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তোরাব আলী ও তাঁর লোকজন নাজমা এবং ছিতারাকে অত্যাচার করতেন। মারধর করেন গত ১৮ অক্টোবরও। থানায় উভয়পক্ষের লিখিত অভিযোগ রয়েছে এবং সালিশ বিচারে বিরোধ নিষ্পত্তির কথা চলছিল।
সোমবার রাত দশটার পর থেকে নাজমাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। এগারোটায় লামাতাশী ইউপি সদস্য আব্দুল হান্নানের বাড়ির পশ্চিমপাশের বাঁশঝাড়ে মরদেহটি দেখে স্থানীয়রা বাহুবল মডেল থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে।
তিনি আরও বলেন, “আমরা বাঁশঝাড়ে গিয়ে হাঁঠু মাটিতে লাগানো অবস্থায় নাজমার মরদেহ ঝুলতে দেখি। মুখে স্কচটেপ লাগানো ও মুখের ভেতরে টিস্যু গুজে রাখা এবং গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি তোরাব আলী তাকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়েছেন। নাজমার স্বামী বিদেশ থেকে ফিরলে মরদেহ দাফন করা হবে।”
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, “পারিবারিক ঝগড়ার সূত্র ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে।”
