ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্থাল হবিগঞ্জ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্থাল হবিগঞ্জ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্থাল হবিগঞ্জ

স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরোচিত হামলার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ ও আইনজীবীরা আদালতে কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বিক্ষোভ করে ছাত্রজনতা।

এছাড়া বিএনপি, জামায়াত এবং এনসিপির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা বিক্ষোভ করা হয়েছে। এসব আন্দোলনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন।

এদিকে, হবিগঞ্জ আইনজীবী সমিতি বেলা ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ এবং পরে সমিতির সামনে সমাবেশ করে। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেছেন।

আন্দোলনে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রুমি এবং সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সহযোগিতা করছে। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা ও দখলদারিত্ব মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনিদের পক্ষে সবধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত রয়েছি।

এদিকে, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন। দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদের সামনের সড়কে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।