বিজিবির ৮ অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবির ৮ অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বিজিবির ৮ অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ৫৫ বিজিবি’র হবিগঞ্জ ক্যাম্প ৮টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা মদ, গাঁজা, চশমা, কসমেটিকস, থ্রি-পিস, সানগ্লাস, ব্লাউজ, শাড়ি, হিমায়িত গরুর মাংস এবং বাইসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে টহলদল তেলিয়াপাড়া-চুনারুঘাট সড়কের নোয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।

সন্দেহজনক একটি মিনি পিকআপ থামার সংকেত উপেক্ষা করে পালালে বিজিবি তা তল্লাশী করে ভারত থেকে আনা হিমায়িত গরু মাংস জব্দ করে।

এছাড়া, ৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, চশমা, কসমেটিকস এবং বাইসাইকেল আটক করে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৬২ লাখ ৩৬ হাজার ৪২০ টাকা।

চুনারুঘাটের গুইবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজা, ভারতীয় সানগ্লাস, রেডিমেড ব্লাউজ পিস এবং শাড়ি জব্দ করা হয়। এই পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭১ লাখ ৮১ হাজার ১২৫ টাকা।

৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। এরই ধারাবাহিকতায় আমরা গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।”