ব্যবসায়ী ও রাজনীতিক আজিজুর রহমানের প্রয়াণ দিবস পালিত

ব্যবসায়ী ও রাজনীতিক আজিজুর রহমানের প্রয়াণ দিবস পালিত
ব্যবসায়ী ও রাজনীতিক আজিজুর রহমানের প্রয়াণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবীদ আজিজুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গত সোমবার বাদ জোহর হবিগঞ্জ শহরের আহছানিয়া মিশনে প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করে তাঁর পরিবার।

এছাড়াও যুক্তরাষ্ট্রের মিশিগানে মরহুমের বড়সন্তান দৈনিক খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছানসহ স্বজনদের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশনের শিক্ষক হাফেজ বশির

আহমেদ। মিশনের বাসিন্দা শিশু এবং খোয়াই পরিবার সেখানে উপস্থিত ছিল।

দৈনিক খোয়াইর স্বপ্নদ্রষ্টা মরহুম আজিজুর রহমান ছিলেন হবিগঞ্জের শীর্ষ ব্যবসায়ীদের একজন। রাজনীতিতে যতটা সংশ্লিষ্ট ছিলেন তার পুরোটাই ছিল ত্যাগের মনোভাবে। এখনও জেলার রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিতরা এক্ষেত্রে মরহুম আজিজুর রহমানের ত্যাগের কথা দ্ব্যর্থহীনভাবে বলে থাকেন।

আজিজুর রহমান ১৯৩৫ সালে নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনে উন্নতি করার প্রচন্ড ইচ্ছাশক্তি ছিল তাঁর। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে তিনি ব্যবসা জগতে প্রতিষ্ঠিত হন। একে একে প্রতিষ্ঠা করেন বিউটি ফুট ওয়্যার, শামীম ইলেক্ট্রনিক্স ও আজিজ এন্ড কোম্পানী। ব্যবসার পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে ব্যাপকভাবে জড়িত ছিলেন।

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া ব্যক্তিগতভাবে তিনি শিক্ষাক্ষেত্রে প্রচুর ছাত্রছাত্রীকে সাহায্য করেছেন। ব্যবসায়ীসহ যে কোন ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যায় তিনি এগিয়ে গেছেন নিঃস্বার্থভাবে। মার্চেন্ট এসোসিয়েশনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন। ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) প্রতিষ্ঠা করে মৃত্যুর পূর্ব পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছেন। স্কাউটস্ আন্দোলনের অন্যতম সফল প্রতিষ্ঠান হবিগঞ্জ মুক্ত স্কাউটস্-এর সভাপতি ছিলেন আমৃত্যু। ১৯৮৮ সালে হবিগঞ্জে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের স্কাউটসের আঞ্চলিক মহাসমাবেশের একজন সফল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মরহুম আলহাজ্ব আজিজুর রহমান হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের অন্যতম খাদেম ছিলেন। মিশনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। তিনি অত্যন্ত সহজ ও অনাড়ম্বর জীবন যাপন করতেন।