রান্নাঘরের আগুনে ৯ পরিবারের ঘর ছাই
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় রান্নাঘর থেকে লাগা আগুনে ৯টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা। গতকাল বুধবার দুপুরে উপজেলার লামাতাসি ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন— মানিক মিয়া, আছকির মিয়া, নুরুল হক, নুরুল ইসলাম, রুমান মিয়া, শাহেদ মিয়া, মুশলাম মিয়া, বাচ্চু মিয়া ও শাকিল মিয়া।
বুধবার দুপুর ২টার দিকে আছকির মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আরও ৮টি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার
সার্ভিসে খবর দেওয়া হলেও গ্রামের সরু প্রবেশপথে গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে পাশের পুকুর থেকে শ্যালো মেশিনে পানি সেচ দিয়ে বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে সব ঘরই পুড়ে ছাই হয়ে যায়।
সম্প্রতি আছকির মিয়ার ছেলের বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আনা প্রায় ২ লাখ টাকার মালামালও পুড়ে যায়। এনজিও থেকে ক্ষুদ্র ব্যবসার জন্য নেওয়া ৮০ হাজার টাকার ঋণও আগুনে পুড়ে গিয়ে নিঃস্ব হয়েছেন রুমান মিয়া।
খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন, লামাতাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখম উস্তার মিয়া ও ইউপি সদস্য মোঃ আজিজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের প্রত্যেককে প্রাথমিকভাবে সরকারি ঢেউটিন দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তাদের তালিকা সংগ্রহ করেছেন।
ইউপি সদস্য মোঃ আজিজ মিয়া বলেন, “অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা হবে। প্রত্যেকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। সরকারিভাবে আরও সহযোগিতা করা প্রয়োজন।”
