সাংবাদিক মারধর করে থানায় সোপর্দ
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক তারেক হাবিবকে (৩০) মারপিট করে পুলিশে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পরিষদ এলাকায় একদল লোক তাকে আটক করে মারপিট করেন। পরে সদর মডেল থানায় সোপর্দ করলে তাকে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা
করায় পুলিশ।
প্রবাসী আওয়ামী লীগ নেতা সুশান্ত দাশগুপ্তের মালিকানাধীন দৈনিক আমার হবিগঞ্জে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারেক। তার বিরুদ্ধে আদালতের নথি বেআইনীভাবে পত্রিকায় প্রকাশ ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, ৫০-৬০ জন লোক তারেক হাবিবকে ধরে এনে থানায় দিয়েছেন। তার নামে কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে তাকে থানায় আনা হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
