হবিগঞ্জে এগারো ‘অবৈধ’ হাসপাতাল

হবিগঞ্জে এগারো ‘অবৈধ’ হাসপাতাল
হবিগঞ্জে এগারো ‘অবৈধ’ হাসপাতাল

সৈয়দ সালিক আহমেদ ॥ হবিগঞ্জ শহরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ১১টি বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। যেসব বেসরকারী হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে শতশত রোগী এসে সেবা নিয়ে থাকেন। অথচ এসব হাসপাতালের নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। দিব্যি প্রশাসনের নাকের ডগায় তারা ব্যবসা করে যাচ্ছেন।

তবে সিভিল সার্জন বলছেন, যাদেরকে পরিবেশের ছাড়পত্র দেওয়া হয়নি সেই তালিকা আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে চেয়েছি, তাঁরা এখনো আমাদেরকে তালিকা দেয়নি।

অপরদিকে, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলী বলেন, আমরা অচিরেই তালিকা দিয়ে দিব।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত চাঁদের হাসি জেনারেল হাসপাতাল, ফায়ার সার্ভিস রোডে সূর্যমুখী জেনারেল হাসপাতাল, মাউন্ট এভারেস্ট ডায়াগনস্টিক সেন্টার, মাদার কেয়ার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সবুজবাগ এলাকায় প্যানাসিয়া মেডি-এইড এন্ড ক্লিনিক, আক্তার মেডিকেল এন্ড রিসার্চ সেন্টার, রামকৃষ্ণ মিশন রোডে শাহজালাল মেডিকেল সার্ভিসেস,

শায়েস্তানগর এলাকায় ইউনিট হাসপাতাল, রাজনগর এলাকায় বদরুন্নেছা প্রাঃ হাসপাতাল, পৌরসভা এলাকায় মাদার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং অনন্তপুর এলাকায় নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।

পরিবেশ অধিদপ্তর বলছে, আমাদের কাছে আবেদন আসলে আমরা পরিদর্শন করে ছাড়পত্র দিয়ে থাকি। সর্বশেষ তথ্য অনুযায়ী এসব হাসপাতালকে পরিবেশের ছাড়পত্র দেওয়া হয়নি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনেকে জানান, পরিবেশ অধিদপ্তরে আবেদন করার পরও তারা দীর্ঘদিন কাগজপত্র ঝুলিয়ে রাখেন। যার কারণে অনেকে আবেদন করার ইচ্ছা হারিয়ে ফেলেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ রতœদীপ বিশ্বাস জানান, আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে তালিকা চেয়েছি, কিন্তু কি কারণে তারা আমাদেরকে তালিকা দিচ্ছেন না সেটা তারা বলতে পারবেন। আমরা তালিকা পেলে চিহ্নিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারব।