হবিগঞ্জে পুকুর ভরাটের ঘটনায় আরোপ হচ্ছে ক্ষতিপূরণ
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরে গোপিনীথপুর পুকুর ভরাটের ঘটনায় এক ব্যবসায়ীসহ চারজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের ক্ষতিপূরণ মামলার শুনানীতে হাজির হওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ফেরদৌস আনোয়ার আলাদা পত্রে ওই চার ব্যক্তিকে শুনানিতের উপস্থিত থাকার নির্দেশ দেন।
তারা হলেন— জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী শংকর পাল, হবিগঞ্জ শহরে গোপিনাথপুর এলাকার আব্দুল কালাম, আব্দুস সালাম ও অমূল্য দাস।
পরিবেশ অধিদপ্তর বলছে, পুকুরের ৩টি অংশ মোট ৩ হাজার ৮০০ ঘনফুট মাটি ফেলে ভরাট করা হয়েছে। এরূপ কাজে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যা বাংলাদেশ পরিবেশ আইন, সংশোধিত-২০১০ এর ০৬(ঙ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
চারজনকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে পরিবেশগত ক্ষতিসাধন সংক্রান্ত এনফোর্সমেন্ট মামলার শুনানি হবে; এতে তাঁরা বিবাদী। শুনানিতে চারজনকে ক্ষতিপূরণ আরোপ করা হতে পারে এবং এতে উপস্থিত না থাকলে একতরফাভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, ১ একর ৫৩ শতক আয়তনের গোপীনাথ পুকুর চারপারের ৪০/৫০ জনের মালিকানায় রয়েছে। সম্প্রতি কয়েকজন বাসিন্দা পকুরের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব পাড়ে মাটি ফেলে দখল করে নেন।
এ ঘটনায়সংবাদ প্রকাশ হওয়ার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর দখলের প্রমাণ পান এবং ওই চার ব্যক্তিকে ব্যাখ্যা দেওয়ার জন্য সাতদিনের সময় বেধে দিয়ে গত ১৯ জানুয়ারি নোটিশ দেন। এরপর তিনমাস অতিবাহিত হলেও অভিযুক্তরা কোন জবাব দেননি।
