হবিগঞ্জের দেয়ালজুড়ে গণআন্দোলনের চিত্র
স্টাফ রিপোর্টার ॥ গণআন্দোলনের চেতনায় রাঙানো হচ্ছে হবিগঞ্জ শহরের দেয়াল। জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে জেলা পরিষদের উদ্যোগে চলছে দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি। এতে অংশ নিচ্ছে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী।
দেয়ালজুড়ে ফুটে উঠছে দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস। শিক্ষার্থীরা রঙ-তুলির আঁচড়ে তুলে ধরছে গণআন্দোলনের নানা দৃশ্য ও বার্তা।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, অংশগ্রহণকারী সেরা শিল্পীদের আগামী ৫ আগস্ট পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, “শহরের দেয়ালগুলোতে শিক্ষার্থীদের আঁকা বার্তাবাহী চিত্রগুলো গণচেতনার শক্তিশালী প্রকাশ হয়ে উঠেছে। অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হবে।”
