‘মদপানে’ চারজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ‘বাংলা মদপানে’ চারজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। গঠন করা হয়েছে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। আগামী ২৩ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে কমিটির প্রথম সভা।
গতকাল রবিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পাপিয়া আক্তারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ১৬ ও ১৭ জুলাই হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে চার ব্যক্তি অসুস্থ অবস্থায় ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। পরে তাঁদের সৎকার সম্পন্ন হয়।
নিহত ব্যক্তিরা হলেন শহরের চৌধুরী বাজার এলাকার চা দোকান কর্মচারী অপু দাস, ট্রাফিক পয়েন্ট এলাকার সেলুন ব্যবসায়ী রতন শীল, স্থানীয় চা-স্টল ব্যবসায়ী নিকুঞ্জ এবং উমেদনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে, তাঁরা চৌধুরী বাজার সংলগ্ন সুইপার কলোনি থেকে চোলাই মদ কিনে পান করেন। পরে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়।
ঘটনার পর ১৮ জুলাই শুক্রবার জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে এডিএম পাপিয়া আক্তারকে। অন্য সদস্যরা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী, সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মিহির কান্তি অধিকারী, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ সানজিদ জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
কমিটির প্রথম সভা হবে ২৩ জুলাই সকাল ১০টায়। এতে ঘটনার তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হবে।
এডিএম পাপিয়া আক্তার চিঠিতে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ১৬ ও ১৭ জুলাই চোলাই মদ পান করে চার ব্যক্তি মারা গেছেন। বিষয়টি জেলা প্রশাসন গুরুত্বসহকারে দেখছে। প্রকৃত কারণ খুঁজে বের করতেই তদন্ত সভা আহ্বান করা হয়েছে।”
