“পিআর সিস্টেম নিয়ে বিএনপি গড়িমসি করছে” — রেজাউল করিম

“পিআর সিস্টেম নিয়ে বিএনপি গড়িমসি করছে” — রেজাউল করিম
“পিআর সিস্টেম নিয়ে বিএনপি গড়িমসি করছে” — রেজাউল করিম

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আসন্ন নির্বাচনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) সিস্টেম সবার দাবি হলেও বিএনপি এতে গড়িমসি করছে। তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, পিআর হলে সে পথ কঠিন হয়ে পড়বে।”

বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে “জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যভাবনা ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, “জুলাইয়ের আন্দোলনের পর ইসলামপন্থীরা রাজপথে নেমেছে দেশের মা-বোনের ইজ্জত, জান-মালের নিরাপত্তা ও অধিকার রক্ষায়। আর কিছু দল মাঠে নামে জায়গা দখল, টেন্ডারবাজি আর চাঁদাবাজির জন্য।”

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, “শেখ হাসিনা বলেছিলেন, ‘হাসিনা পালায় না’। কিন্তু বাস্তবে রান্না করা খাবার ফেলে, এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছিল তাকে। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে আমরা ক্ষমতায় দেখেছি। এবার সময় ইসলামপন্থীদের সুযোগ দেওয়ার।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা লোকমান ছাদী। পরিচালনা করেন শামছুল হুদা, মুফতি মহসিন আহমদ ও মাওলানা আবু মুসা সাদ।

বিশেষ অতিথি ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, জেলা সভাপতি মহিবউদ্দিন আহমদ সোহেল, জামায়াতের জেলা আমির মাওলানা কাজী মখলিছুর রহমান, খেলাফত মজলিস নেতা অ্যাডভোকেট সারওয়ার রহমান চৌধুরী, শায়খুল হাদীস মুফতি মুহিবর রহমান চৌধুরী, মাদরাসা ও ওলামা পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে।