নবীগঞ্জের বিবিয়ানায় হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বাতিল হয়ে যাওয়া সৌর বিদ্যুৎ প্রকল্পের ফের অনুমোদন দিয়েছে সরকার। গত মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
পুনঃদরপত্রের মাধ্যমে এই প্রকল্প থেকে আগের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ কেনার সুযোগ পেয়েছে সরকার। এতে বছরে প্রায় ৩৪ কোটি টাকা সাশ্রয়ের আশা করা হচ্ছে।
প্রকল্পে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা এলাকায় ৫০ মেগাওয়াট
(এসি) সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান হিসাবে যৌথভাবে পাওয়ার হরাইজন লিমিটেড (পিএইচএল) ও প্যারামাউন্ট এনার্জি (পিটিএল) এর সঙ্গে ২০ বছর মেয়াদে নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে ২০ বছর মেয়াদে এই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ৯.৯১৮৬ টাকা হিসেবে আনুমানিক ২ হাজার ১৭১ কোটি ৮০ লাখ ১১ হাজার টাকা পরিশোধ করতে হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, আগের বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (বর্তমানে বাতিল) এর আওতায় অযাচিত প্রস্তাবের মাধ্যমে স্থাপিত বিদ্যুৎকেন্দ্রের গড় ট্যারিফ ছিল প্রতি কিলোওয়াট ঘণ্টা ১৩.০০৫২ টাকা। এখন সেটা কমে ৯ টাকার মধ্যে চলে এসেছে। এতে এই প্রকল্প থেকে মোট ৬৭৭ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।
