অবৈধ বালু উত্তোলনে দুইজনকে জরিমানা
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় বিজয়নগরের এক্তিয়ারপুর গ্রামের রুহুল আমিনকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আশ্রবপুর গ্রামের মিয়াব আলীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মাধবপুর উপজেলার মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি দল এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন ও সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
