হবিগঞ্জে প্রবাসী দম্পতিকে পিটিয়ে জমি দখলচেষ্টা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় প্রবাসী দম্পতিকে পিটিয়ে জখম ও তাদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।
জানা যায়, গত সোমবার উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মালেক ও তাঁর স্ত্রী জায়েদা খাতুন। তাঁরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মামলায় একই গ্রামের আব্দুর রশিদ মিয়া (৬০), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও ছেলে সুহেল মিয়াকে (২৫) আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর বিচারক কাঁকন দে অভিযোগ আমলে নিয়ে আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সদর মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, প্রবাসী মালেকের এক ছেলে বিদেশে ও আরেক ছেলে চট্টগ্রামে পড়াশোনা করেন। এ সুযোগে আসামিরা তাঁদের চারা রকম জমি দখলের চেষ্টা করেন। গত সোমবার সকালে আসামিরা মালেকের জমির বেড়া ভেঙে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি করেন। পরে বেলা ১১টার দিকে বাড়ি দখলের উদ্দেশ্যে গিয়ে মালেক দম্পতিকে মারধর করেন। এতে তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে।
বাদীপক্ষের আইনজীবী বিপ্লব কুমার দাশ বলেন, ‘আদালত প্রাথমিকভাবে অভিযোগ গ্রহণ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
