গ্রামের সালিশে ডাব ‘চুরির’ ক্ষতিপূরণ ২ লাখ টাকা

গ্রামের সালিশে ডাব ‘চুরির’ ক্ষতিপূরণ ২ লাখ টাকা
মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর সালিশের আয়োজন করে তিন কিশোরের পরিবারকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়।

চুনারুঘাটে ডাব চুরির অপবাদে তিন কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমতলা এলাকার মাসুক মিয়ার ঘরে এ নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনে অভিযুক্তরা হলেন- ফিরোজ আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৫), সুরুজ আলীর ছেলে জালাল মিয়া (৪৫) ও বরজু মিয়ার ছেলে মাসুক মিয়া (৩৪)।

অভিযোগে জানা যায়, মাসুক মিয়ার বাড়ির গাছ থেকে কয়েকটি ডাব চুরির অভিযোগে তিন কিশোরকে ডেকে নিয়ে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করা হয়। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর সালিশের আয়োজন করে ওই তিন কিশোরের পরিবারকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়। এমনকি টাকা দিতে না পারলে খালি স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের স্বজনেরা।

গুরুতর আহত অবস্থায় তিন কিশোরকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার শিকার শিশুরা হল, আমতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০), ফরিদ মিয়ার ছেলে মাহফুজ মিয়া (১৮) ও পীরপুর গ্রামের জিতু মিয়ার ছেলে হৃদয় ওরফে ফারুক মিয়া (২২)।

আহত হৃদয়ের পিতা বলেন, “ছেলেরা ছোট, হয়তো না বুঝে ভুল করেছে। আমরা বলেছিলাম ডাবের ক্ষতিপূরণ দিব। কিন্তু তারা আমাদের হুমকি দেয় বিচারে যেতে। সালিশে গিয়ে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ফের আমাদের হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতেও ফিরতে পারছি না। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। একই অভিযোগ করেছেন আহত ফারুকের পিতা। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।