লাখাইয়ের সার আদমপুরে পাচার, জরিমানা

লাখাইয়ের সার আদমপুরে পাচার, জরিমানা
২০ বস্তা সার পাশের জেলা কিশোরগঞ্জের আদমপুরে পাচারের চেষ্টা করছিলেন বাবুল।

লাখাইয়ে সরকারি সার নির্ধারিত এলাকার বাইরে পাচারের দায়ে বিএডিসির এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে লাখাইয়ের ইউএনও অনুপম দাশ অনুপ বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। অভিযুক্ত মোশাহিদ আহমেদ বাবুল “বাবুল এন্টারপ্রাইজ” নামে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। তার কাছ থেকে ২০ বস্তা ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম খোয়াইকে বলেন, “লাখাই উপজেলার জন্য বরাদ্দকৃত ২০ বস্তা সার পাশের জেলা কিশোরগঞ্জের আদমপুরে পাচারের চেষ্টা করছিলেন বাবুল। হাতেনাতে আটক হওয়ার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও জানান, “পরবর্তীতে এরকম অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ডিলারকে সতর্ক করা হয়েছে। জব্দকৃত ২০ বস্তা সার অস্বচ্ছল কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।”

ভ্রাম্যমাণ আদালতে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম ও থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।