বিয়ে বাড়িতে জলাশয়ে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু
বিয়েবাড়িতে খেলার ফাঁকে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন।
স্বজনদের আহাজারিতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। “আমার ঘর খালি করে চলে গেছে সোনার ছেলেরা, তারারে তোমরা আইন্না দেও”— এভাবেই মাটিতে গড়িয়ে গড়িয়ে বিলাপ করছিলেন শিশুদের স্বজন জগাই সরকার।
পরিবার জানায়, বুধবার দুপুরে জগাই সরকারের বাড়িতে তাঁর মেয়ে অর্ণা সরকারের বিয়ের আলাপ চলছিল। এসময় বাড়ির আঙিনায় খেলা করছিল তিন শিশু। সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। প্রথমে রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩) পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও তাঁদের ফুফাতো বোন নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫) পানিতে পড়ে ডুবে যায়।
বিয়েবাড়ির ব্যস্ততার কারণে প্রথমে কেউ বিষয়টি টের পাননি। পরে দুপুরে এক নারী পুকুরে ভাসতে থাকা অহনাকে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুকুর থেকে একে একে শ্রাবন, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাঁদের ফুফাতো বোন। তাঁরা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা পাঞ্জারাই গ্রামে গিয়েছিল।
শিশুদের উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের সামনে আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা। হৃদয়বিদারক এ দৃশ্য দেখতে ভিড় করেন শত শত মানুষ।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ চম্পক কিশোর সাহা সুমন বলেন, “শিশুদের হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।”
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, “আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।”
