ভারতীয় গরুর গোশতের চালান আটকৎ
স্টাফ রিপোর্টার ॥ সাড়ে ৩ মেট্রিক টন গরুর গোশতসহ এক কোটি ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকের ৫টি চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টায় ৫৫ বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল তানজিলুর রহমান খোয়াইকে এ তথ্য দেন।
আটক পৃথক চোরাচালানে আরও রয়েছে, ৫টি ভারতীয় গরু, বিপুল পরিমাণ থানকাপড়, ১০০ কেজি রাবার, ৩০ কেজি গাঁজা ও ১টি বাইসাইকেল।
অধিনায়ক তানজিলুর রহমান জানান, সোমবার বিজিবির একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা
চত্ত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক রেখে এর চালক পালিয়ে আত্মগোপন করেন। পরে ট্রাক থেকে সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস ও বিপুল পরিমাণ উন্নতমানের জর্জেট থান কাপড় উদ্ধার করা হয়।
এছাড়াও গত ৩ দিনে জেলার বিভিন্ন স্থানে আরও ৪টি অভিযানে ৫টি ভারতীয় গরু, ১০০ কেজি রাবার, ৩০ কেজি গাঁজা ও ১টি বাইসাইকেল উদ্ধার হয়। এসব পণ্যের মূল্য ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা।
তিনি আরও জানান, থানকাপড় ও গরুর গোশতের চোরাচালানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো আটক করা হয়েছে। আটক করা পণ্য আইন অনুযায়ী মাধবপুর ও চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
