মধ্যরাতে মদ্যপ সাত তরুণের হামাগুড়ি
স্টাফ রিপোর্টার ॥ রাতে মাতলামি করা একদল তরুণকে আটক করে ফুটপাতে হামাগুড়ি দেওয়ানো হয়েছে। হবিগঞ্জ শহরে বাণিজ্যিক এলাকায় সেনাবাহিনী তাদের হামাগুড়ি দেওয়ায়। এ ঘটনার একটি ভিডিও গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন।
ভিডিওতে মদ্যপ ৭ তরুণ নিয়ন্ত্রণহীন শরীরে সারিবদ্ধভাবে হামাগুড়ি দিয়ে বাণিজ্যিক এলাকার এটিএম বুথের সামনে থেকে পৌর মার্কেট পর্যন্ত যান। সেনাবাহিনীর সদস্যরা তখন তাদের সামনেপেছনে দাঁড়ানো। হাত ও পায়ের বুড়িআঙুলে ভর করিয়ে মাথা ও কোমড় নীচে মোড় করে তাদের হাটানো হয়।
এক সেনা সদস্য তখন বলছিলেন, ‘কোমড় ডাউন করে সামনে যাও, রাতে মাতলামি করার শিক্ষা দিমু।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে এমডি জিতু মন্তব্য করেন ‘যত দেখি স্বাদ মিটে না, বারবার দেখতে চাই’; এমএম মমিন লিখেছেন ‘ভেরী গুড, থ্যাংকস’; রোকসানারা খাতুন নামে একটি আইডি থেকে ভিডিওর নীচে দুটি সান্ডার ছবি পোস্ট করা হয়; জিয়াউর রহমনের মন্তব্য “ধন্যবাদ আমাদের দেশের গৌরব সেনাবাহিনীকে।
এছাড়াও অসংখ্য মানুষ এই উদ্যোগের প্রশংসা করে ফেসবুকে প্রচার করেছেন। তবে গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের থানায় সোপর্দ করা হয়নি।
এ প্রসঙ্গে কথা হলে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন খোয়াইকে বলেন, ‘এরকম একটি ভিডিও ফেসবুকে প্রচার হওয়ার খবর পেয়েছি। খোঁজ নিচ্ছিÑ বিস্তারিত জেনে আপনাকে জানাবো।’
