মেয়াদোত্তীর্ণ কমিটিতে স্থবির ছাত্রদল

মেয়াদোত্তীর্ণ কমিটিতে স্থবির ছাত্রদল

স্টাফ রিপোর্টার ॥ ২০১৯ সালে দেওয়া আহবায়ক কমিটি দিয়ে চলছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল। ৪ বছর ধরে পূর্ণাঙ্গ অথবা নতুন কমিটি না দেওয়ায় এ ইউনিটে সাধারণ কর্মীদের মধ্যে সাংগঠনিক কাজের ঘাটতি দেখা দিয়েছে।

এদিকে, ২০২১ সালে আহবায়ক কমিটি পাওয়া বানিয়াচং উপজেলা ছাত্রদলেরও পূর্ণাঙ্গ কমিটি হয়নি ৪ বছর ধরে। নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি— ইউনিটগুলোতে পূর্ণাঙ্গ অথবা মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ার।

একইভাবে জেলার ৯ উপজেলা, ৬টি পৌরসভা ও ১১টি কলেজসহ ছাত্রদলের মোট ২৬টি ইউনিট ২/৩ বছর ধরে মেয়াদোত্তীর্ণ। ফলে সাংগঠনিক কাজে স্থবিরতা নেমেছে— কোথাও কোথাও সৃষ্টি হয়েছে কোন্দলও।

এ পরিস্থিতিতে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরীতে নতুন কমিটি চায় তৃণমূল। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদল সদস্য হুমায়ুন কবির স¤্রাট বলেন, “উপজেলা ইউনিট দীর্ঘদিন ধরে নতুন কমিটির জন্য তদবির করছে; তবে নানাকারণে বিলম্ব হয়েছে। এখন তৃণমূলকে আরও শক্তিশালী করতে শিগগির নতুন কমিটি দেওয়ার কোন বিকল্প নেই। দ্রুততম সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে অথবা আহবায়ক কমিটিগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হোক।”

পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়ে আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতা খোয়াইকে বলেন, “দীর্ঘদিন ধরে নতুন কমিটি গঠন না দেওয়ায় নেতাকর্মীরা প্রাণচাঞ্চল্য হারিয়েছে। দলীয় কর্মসূচিতে আসতে তাঁদের অনিহা দেখা দিয়েছে। সংগঠনে দ্বিধাবিভক্তিও দেখা দিয়েছে। তাই দীর্ঘদিন ধরে আমরা নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।”

বানিয়াচং উপজেলা ছাত্রদল আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু বলেন, “কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরপরই নতুন কমিটি দিলে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরী হয়। সাধারণ কর্মীরাও দ্রুত পূর্ণাঙ্গ কমিটি অথবা সম্মেলন চায়। আমরা তাঁদের আশ্বস্থ্য করে দ্রুত সেই ব্যবস্থা করার জন্য উপরে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি।”

এ প্রসঙ্গে জেলা ছাত্রদল বলছে— “দেশে মহামারী ও আন্দোলন-সংগ্রামের ফলে কমিটি গঠনে বিলম্ব হয়েছে। পরিপর্তিত পরিস্থিতির পর জেলায় আরও অন্তত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ইউনিট সৃষ্টি করা হয়েছে। কর্মীসভা শেষ করে শিগগির প্রায় ৪০টি ইউনিটে সৎ, যোগ্য ও প্রকৃত ছাত্রদের সমন্বয়ে কমিটি দেওয়া হবে।

যোগাযোগ করা হলে হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন খোয়াইকে বলেন, “বহিরাগত ও অছাত্রদের প্রবেশ ঠেকাতে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এসব ব্যাপার নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে সবক’টি ইউনিটে কমিটি দেওয়া হবে।

জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন খোয়াইকে বলেন, “আমরা আন্দোলন সংগ্রাম ও করোনা মহামারীর পরিস্থিতি কাটিয়ে উঠেছি। এখন জেলার প্রত্যেকটি ইউনিটে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি লিটন এআর খানের নেতৃত্ব যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল ও জুলকার নাইন হবিগঞ্জে এসেছেন। আমরা প্রত্যেকটি ইউনিটে কর্মীসভা করেছি। এবার আরও ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ইউনিট সৃষ্টি হয়েছে। ২৫টির অধিক কলেজে প্রথম ধাপে এবং পরবর্তীতে উপজেলা ও পৌরসভার ইউনিটগুলোতে নতুন কমিটি দেওয়া হবে এবং অবশ্যই তা দ্রুততম সময়ের মধ্যে।”

রাজিব আহমেদ রিংগন আরও বলেন, “শিগগির যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি দেওয়া হবে তাদের বায়োডাটা জমা নেওয়া হয়েছে। প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। সভাপতি, সাধারণ সম্পদক ও সাংগঠনিক পদে একেকটি কলেজ থেকে ১৫ জনের বেশি প্রার্থী বায়োডাটা দিয়েছেন। তাঁদের মধ্যে যোগ্যরা যেন পদে আসেন আমরা সেই ব্যবস্থা করব।”