রেজাকে মনোনয়ন দেওয়া বিএনপির অন্যায়- বললেন সুজাত

রেজাকে মনোনয়ন দেওয়া বিএনপির অন্যায়- বললেন সুজাত
রেজাকে মনোনয়ন দেওয়া বিএনপির অন্যায়- বললেন সুজাত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। তাঁর অভিযোগ, “ভারতের দালালদের” পরামর্শেই আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে বিএনপির প্রার্থী করা হয়েছে।

গত সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত গণদোয়ার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সেখানে শেখ সুজাত প্রশ্ন তোলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যখন অসুস্থ, তখন কার পরামর্শে নবীগঞ্জ-বাহুবল আসনে এই মনোনয়ন দেওয়া হলো?’

এরপর তিনি বলেন, ‘যারা ভারতের দালালী করে তাদের পরামর্শে এই রেজা কিবরিয়াকে আনা হয়েছে। এটি সরাসরি অন্যায়।’

২০১৮ সালের নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার পর সেটি ছিনিয়ে নিয়ে রেজা কিবরিয়াকে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এরপর আমাদের নেতাকর্মীরা মামলার ঝামেলায় পড়লেও তিনি সাত বছর নবীগঞ্জে একবারও আসেননি। এমনকি আমরা তার বাবার জানাজায় অংশ নিতে চাইলেও তিনি তা করতে দেননি।’

শেখ সুজাত আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নবীগঞ্জের মানুষের মনের কথা শুনুন।’ পাশাপাশি শোডাউনে অংশ নেওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি ধন্যবাদ জানান।

এ সময় আরও বক্তব্য দেন, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মাওলানা শুয়েব আহমেদ চৌধুরী, মনর উদ্দিন, শেখ শিপন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

প্রসঙ্গত, হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কয়েকজন হেভিওয়েট রাজনীতিক, যাদের নিয়ে স্থানীয় রাজনীতিতে ছিল ব্যাপক আলোচনা। এর মধ্যেই রেজা কিবরিয়ার বিএনপিতে আকস্মিক যোগদান নতুন সমীকরণ তৈরি করে। পরে গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের আরও ৩৬টি আসনের সঙ্গে হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হবিগঞ্জ-১ আসনে ভোটার আছেন ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৩ হাজার ১৬ জন এবং নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে।