হবিগঞ্জে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ১৩ হাজার শিক্ষার্থী

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ১৩ হাজার শিক্ষার্থী
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ফাইল ছবি

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো হবিগঞ্জেও শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার সকালে একযোগে জেলার ৯টি উপজেলায় শুরু হয়।

এবারের এইচএসসি পরীক্ষায় সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩ হাজার ১৫২ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষার্থী রয়েছেন ১১ হাজার ৭১৫ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থী ৬৭৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৭৬২ জন।

পরীক্ষা নির্বিঘ্ন করতে জেলায় মোট ২৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে মাধবপুর উপজেলায় (৫টি), এরপর নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলায় ৪টি করে, চুনারুঘাট ও বানিয়াচংয়ে ৩টি করে, বাহুবল ও শায়েস্তাগঞ্জে ২টি করে এবং লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় একটি করে কেন্দ্র রয়েছে।

এছাড়া পরীক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় কেন্দ্রে চাপ সামাল দিতে ভেন্যু প্রস্তুত করা হয়েছে। মোট ভেন্যু রাখা হয়েছে ২৭টি, যার মধ্যে মাধবপুরেই রয়েছে ৬টি।

সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় উপজেলাভিত্তিক এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা হল— হবিগঞ্জ সদর ২ হাজার ৭৭৫ জন, নবীগঞ্জ ২ হাজার ২৩৯ জন, বানিয়াচং ১ হাজার ৬৮৩ জন, মাধবপুর ১ হাজার ৬৩০ জন, বাহুবল ১ হাজার ৭৭ জন, শায়েস্তাগঞ্জ ৮০৩ জন, চুনারুঘাট ৫৭৭ জন, আজমিরীগঞ্জ ৪৮১ জন এবং লাখাই উপজেলায় ৪৫০ জন। এ পরীক্ষা আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ থেকে ২১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা, কল্যাণ ও প্রবাসী শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু এসব তথ্য নিশ্চিত করে খোয়াইকে বলেন, “সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হবে।”